দক্ষিণ লন্ডনের বেক্সলি বরোর একটি ওয়ার্ডে বাড়িওয়ালাদের জন্য কঠোর সতর্কতা দিয়েছে কাউন্সিল। নির্ধারিত লাইসেন্সিং স্কিমে নাম নিবন্ধন না করলে সর্বোচ্চ ৪০ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা এবং আইনি মামলার মুখে পড়তে পারেন অনেক বাড়িওয়ালা।
Bexley Council গত বছরের জানুয়ারিতে বেলভেডিয়ার ওয়ার্ডে Selective Licensing চালু করে। এই স্কিমের আওতায়, বিশেষ কোনো ছাড় না থাকলে ওই এলাকার সব বেসরকারি ভাড়া দেওয়া বাড়ির জন্য লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক।
কাউন্সিল জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ১,০০০টি আবেদন জমা পড়েছে, তবে এখনও অনেক বাড়িওয়ালা লাইসেন্স নেননি। ইতিমধ্যে লাইসেন্সবিহীন কিছু সম্পত্তি নিয়ে তদন্তও শুরু হয়েছে।
কাউন্সিল চাইলে লাইসেন্স ছাড়া সম্পত্তির মালিকদের বিরুদ্ধে ৩০ হাজার পাউন্ড পর্যন্ত সিভিল জরিমানা দিতে পারে, যা আগামী ১ মে থেকে বাড়িয়ে ৪০ হাজার পাউন্ড করা হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে সরাসরি মামলাও করা হতে পারে।
গত এক বছরে কাউন্সিল প্রায় ১০০টি লাইসেন্সপ্রাপ্ত বাড়ি পরিদর্শন করেছে এবং ১৫০টি বাড়ি পরিদর্শন করেছে লাইসেন্স আছে কি না তা যাচাই করতে। এসব তদন্তে বাসিন্দাদের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কিছু সমস্যা, যেগুলোকে ক্যাটাগরি–১ হ্যাজার্ড বলা হয়, তাও চিহ্নিত হয়েছে।
কাউন্সিলের কমিউনিটিজ ও হাউজিং বিভাগের ক্যাবিনেট সদস্য Brian Bishop বলেন, এই স্কিমের লক্ষ্য হলো ভাড়াটিয়াদের নিরাপত্তা নিশ্চিত করা, বাসস্থানের মান উন্নত করা এবং বাড়িওয়ালাদের পেশাদার মান বজায় রাখা। তিনি লাইসেন্স না নেওয়া বাড়িওয়ালাদের দ্রুত আবেদন করার আহ্বান জানিয়েছেন।
কাউন্সিল জানিয়েছে, পরিদর্শন ও তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।