ইংল্যান্ডের ব্র্যাডফোর্ডে সৎমাকে তার নিজের মাথার ওড়না (হেডস্কার্ফ) দিয়ে শ্বাসরোধ করে হত্যার দায়ে এক যুবককে দোষী সাব্যস্ত করেছে আদালত। নিহত রিজওয়ানা কাউসার (৪১) ২০২৩ সালের ১৫ আগস্ট পারিবারিক বাসায় অচেতন অবস্থায় উদ্ধার হওয়ার দুই দিন পর মারা যান।
মামলার শুনানিতে জানা যায়, অভিযুক্ত আবদুল সামি (বর্তমানে ২৩) জরুরি সেবায় ফোন করে দাবি করেছিলেন, তিনি সৎমাকে বাথটাবে অচেতন অবস্থায় পেয়েছেন। তবে ঘটনাস্থলে গিয়ে চিকিৎসাকর্মীরা তার গলায় লাল দাগ দেখতে পান। পরে ময়নাতদন্তে নিশ্চিত করা হয়, অক্সিজেনের অভাবে মস্তিষ্কে আঘাতেই তার মৃত্যু হয়েছে।

আদালতে নিজের পক্ষে সামি দাবি করেন, সিপিআর দেওয়ার সময় তিনি মাথার ওড়না খুলতে গিয়ে গলায় দাগ তৈরি হয়। কিন্তু তদন্তে তার মোবাইলে উত্তরাধিকার সংক্রান্ত ওয়েবসাইট এবং “খুনি কি ভুক্তভোগীর সম্পত্তি পায়?”—এ ধরনের সার্চ পাওয়ায় সন্দেহ আরও জোরালো হয়।
ব্র্যাডফোর্ড ক্রাউন কোর্টের জুরি স্বল্প সময়ের মধ্যেই সর্বসম্মত রায়ে তাকে দোষী ঘোষণা করে। আগামী শুক্রবার তার সাজা ঘোষণা করা হবে।
নিহতের পরিবার জানায়, রিজওয়ানা ছিলেন অত্যন্ত স্নেহশীল ও উদার মানুষ। তার মৃত্যুতে পরিবারে এক অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে।