পূর্ব লন্ডনের হ্যাকনির একটি কাউন্সিল আবাসিক ভবনে আগুন লাগা এবং কয়েক দিনের মধ্যে বড় ধরনের পানির লিকের ঘটনায় আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। পরিস্থিতি নিয়ে তারা পুরো ভবনটি খালি করার দাবি জানিয়েছেন।

দক্ষিণ হ্যাকনির ফেলোজ কোর্ট নামের এই ভবনে গত রবিবার (৮ মার্চ) একটি প্রধান পানির পাইপ ফেটে কয়েকতলা জুড়ে পানি ঢুকে পড়ে। এতে অন্তত চারটি ফ্ল্যাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বসবাসের অযোগ্য হয়ে যায়। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অস্থায়ী আবাসনে সরিয়ে নেওয়া হয়েছে। তবে অনেক ফ্ল্যাটে এখনো কেন্দ্রীয় হিটিং না থাকায় বাসিন্দারা বিপাকে পড়েছেন।

এর আগে ২৭ ফেব্রুয়ারি একই ভবনের ১১ তলায় একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে বিস্ফোরণের পর আগুন লাগলে কয়েক ঘণ্টার জন্য বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছিল। ওই ঘটনায় এক কিশোরী সামান্য দগ্ধ হয়। আগুন লাগার কারণ এখনো তদন্ত করছে দমকল বাহিনী।

বাসিন্দাদের সংগঠন ফেলোজ রেসিডেন্টস অ্যাকশন গ্রুপ (FRAG) বলছে, ভবনের নিরাপত্তা ও বাসযোগ্যতা নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা রয়েছে। তাদের দাবি, বারবার এমন ঘটনা ঘটায় বাসিন্দারা এখন আতঙ্কের মধ্যে বসবাস করছেন এবং নিরাপত্তার স্বার্থে পুরো ভবন খালি করা উচিত।

সংগঠনের একজন মুখপাত্র বলেন, হিটিং না থাকায় ভেজা ফ্ল্যাটগুলো ঠিকমতো শুকাবে না, বরং আবার ছত্রাক ও স্যাঁতসেঁতে সমস্যার ঝুঁকি বাড়বে। তিনি আরও জানান, সম্প্রতি কাউন্সিলের ঠিকাদাররা প্রায় তিন মাস ধরে ভবনের পাইপলাইন সংক্রান্ত কাজ করেছিল।

ফেলোজ কোর্টে লিকেজ, বন্যা, ছত্রাক এবং নষ্ট বয়লারের মতো রক্ষণাবেক্ষণ সমস্যার অভিযোগ বহুদিনের। ২০২৫ সালের জুলাইয়ে পুরো একটি ব্লকে গরম পানির সরবরাহ বন্ধ হয়ে গেলে ভাড়াটিয়াদের সংগঠন একরন ভবনের অবস্থাকে “অমানবিক” বলে অভিযোগ তোলে।

হ্যাকনি কাউন্সিল জানিয়েছে, রবিবারের পানির লিকের কারণ ইতিমধ্যে ঠিক করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ফ্ল্যাটগুলো শুকানো, বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা এবং প্রয়োজনীয় মেরামতের কাজ চলছে। পাশাপাশি হিটিং ব্যবস্থা পুনরায় চালু করার কাজও শুরু হয়েছে।

কাউন্সিলের এক মুখপাত্র বলেন, সাম্প্রতিক আগুন ও পানির লিকের ঘটনায় বাসিন্দাদের উদ্বেগ তারা বুঝতে পারছেন এবং ভবনের কেন্দ্রীয় হিটিং সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান খুঁজতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *