ইংল্যান্ডের টেমসাইডে ১৩ বছর বয়সী এক কিশোর ফুটবলারের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, বন্ধু ও স্থানীয় কমিউনিটিতে। অ্যাশটন-আন্ডার-লাইন এলাকার বাসিন্দা হারিস আনসারি অল্প কিছুদিন অসুস্থ থাকার পর লিউকেমিয়া (রক্তের ক্যানসার) ধরা পড়ে। কিন্তু রোগ শনাক্ত হওয়ার মাত্র দুই সপ্তাহের মধ্যেই তিনি মারা যান।

গত মাসের শেষদিকে দুর্বলতা, খেতে না পারা ও বমির মতো উপসর্গ দেখা দিলে প্রথমে এটিকে সাধারণ অসুখ মনে করা হয়। পরে ফেব্রুয়ারির ২৭ তারিখে টেমসাইড জেনারেল হাসপাতালে নেওয়া হলে পরীক্ষায় লিউকেমিয়ার সম্ভাবনা ধরা পড়ে। পরবর্তী সপ্তাহে রোগটি নিশ্চিত হলে তার কেমোথেরাপি শুরু হয়। পরে তাকে রয়্যাল ম্যানচেস্টার চিলড্রেনস হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় সংক্রমণ দেখা দিলে ১৪ মার্চ তিনি মারা যান।

পরিবারের পক্ষ থেকে তার চাচা সাফইয়ান আনসারি জানান, হারিস ছিলেন অত্যন্ত হাসিখুশি ও প্রাণবন্ত। পরিবার, বন্ধু ও বিশেষ করে মায়ের প্রতি ছিল তার গভীর ভালোবাসা ও দায়িত্ববোধ। পড়াশোনায় মেধাবী এই কিশোর ভবিষ্যতে পুলিশ কর্মকর্তা বা ইলেকট্রিশিয়ান হওয়ার স্বপ্ন দেখত।

তিনি খেলাধুলাপ্রেমী ছিলেন—ফুটবল, এমএমএ ও বক্সিং পছন্দ করলেও স্থানীয় ক্লাব ডুকিনফিল্ড টাইগার্সে নিয়মিত ফুটবল খেলতেন এবং ম্যানচেস্টার সিটির একজন বড় সমর্থক ছিলেন।

তার মৃত্যুতে সহপাঠী, কোচ ও বন্ধুদের মাঝে গভীর শোক নেমে এসেছে। ইতোমধ্যে তার জানাজায় শতাধিক মানুষ অংশ নেন। শনিবার বিকেলে তার স্মরণে একটি বেলুন রিলিজ আয়োজন করা হয়েছে। পাশাপাশি কারাবাও কাপ ফাইনালে ১৩তম মিনিটে এক মিনিট নীরবতা বা করতালির মাধ্যমে তাকে স্মরণ করার আহ্বান জানানো হয়েছে।

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, হারিস দলের অত্যন্ত প্রিয় একজন সদস্য ছিল এবং ভবিষ্যতেও তার স্মৃতি ধরে রাখতে তারা উদ্যোগ নেবে। তার মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে একটি ইনকোয়েস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *