লন্ডনের টাওয়ার হ্যামলেটসে নতুন সামাজিক ভাড়ার বাড়ির প্রথম ধাপের কাজ চলতি মাসের শেষেই শেষ হতে যাচ্ছে। মোট ৯৫টি বাড়ি নির্মাণের এই প্রকল্পটি মাইল এন্ড এস্টেটের এরিক স্ট্রিট ডেভেলপমেন্ট এলাকায় বাস্তবায়ন করছে স্থানীয় কমিউনিটি-নেতৃত্বাধীন হাউজিং অ্যাসোসিয়েশন ইস্ট এন্ড হোমস

প্রকল্পের আওতায় এক থেকে তিন বেডরুমের ফ্ল্যাট তৈরি হচ্ছে। এর মধ্যে প্রথম ধাপে ৪৩টি ফ্ল্যাট জানুয়ারির শেষ নাগাদ প্রস্তুত হবে এবং বাসিন্দারা ফেব্রুয়ারি থেকে সেখানে উঠতে পারবেন বলে আশা করা হচ্ছে।

ইস্ট এন্ড হোমসের প্রধান নির্বাহী ড্যানিয়েল কিলিয়ান জানান, টাওয়ার হ্যামলেটসে বাড়ির চাহিদা অনেক বেশি। এই নতুন বাড়িগুলো সেই সংকট কমাতে সহায়তা করবে এবং একই সঙ্গে তাদের বিদ্যমান বাসিন্দাদের পরিবারকে নিজ নিজ এলাকায় একসঙ্গে থাকতে সাহায্য করবে।

এই প্রকল্পে অর্থায়ন ও সহায়তার জন্য গ্রেটার লন্ডন অথরিটি এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কাজ করেছে। নতুন বাড়িগুলো মূলত অপেক্ষমাণ তালিকায় থাকা সবচেয়ে বেশি প্রয়োজনীয় বাসিন্দাদের জন্য বরাদ্দ করা হবে।

টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান বলেন, লন্ডনের আবাসন সংকট মোকাবিলায় সাশ্রয়ী ও সামাজিক আবাসন নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং এই ৯৫টি নতুন বাড়ি সেই প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অংশ।

প্রকল্পের অংশ হিসেবে উইন্ডারমিয়ার হাউস, বাটারমিয়ার হাউস ও কনিস্টন হাউসের আশপাশের সবুজ এলাকাও উন্নত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *