বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।

তার ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান সোহেল জানিয়েছেন, রোববার সকাল ১১টায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়ার কথা রয়েছে। এ সময় তার স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস ভাষান সঙ্গে থাকবেন।

শুক্রবার ঢাকার এভারকেয়ার হাসপাতালে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর থেকে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার সকালে করা সিটি স্ক্যানের রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

গত বুধবার ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ অচেতন হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে সেদিন রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা–নিরীক্ষার পর চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড তার মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়।

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার দুই ধাপে অস্ত্রোপচার সম্পন্ন হয় এবং এরপর তাকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিতভাবে তার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন এবং শুক্রবার বিকেলে হাসপাতালে গিয়ে তাকে দেখে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *