দক্ষিণ-পূর্ব লন্ডনের একটি আবাসিক এলাকায় দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় এক মুসলিম নারী আহত হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীরা এটিকে ‘টার্গেট করে করা হামলা’ বলে সন্দেহ প্রকাশ করেছেন।

ঘटनাটি ঘটে অ্যাবি উড এলাকার হারো ম্যানরওয়ে সড়কে। বিশের কোঠায় ওই নারী একটি পার্ক করা গাড়িতে ওঠার সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি লাল গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। ধাক্কার শক্তিতে তিনি রাস্তার ওপারে ছিটকে পড়েন।

ঘটনার ভিডিওতে দেখা যায়, গাড়িটি একটি মোড় ঘুরে হঠাৎ সোজা ওই নারীর দিকে চলে আসে এবং ধাক্কা দেওয়ার পরও কোনো ব্রেক না করে দ্রুত সেখান থেকে চলে যায়।

সহায়তায় এগিয়ে আসা স্থানীয় বাসিন্দাদের অনেকেই মনে করছেন, ঘটনাটি ইচ্ছাকৃত হতে পারে। একজন বাসিন্দা বলেন, “মনে হচ্ছে ওই নারীকে লক্ষ্য করেই আঘাত করা হয়েছে। ঘটনায় পুরো রাস্তার মানুষই হতবাক।”

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, রোববার বিকেল প্রায় সাড়ে চারটার দিকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, একজন ইনসিডেন্ট রেসপন্স অফিসার এবং দ্রুত সাড়া দেওয়ার একটি প্যারামেডিক গাড়ি পাঠায়। পাঁচ মিনিটের মধ্যেই প্রথম দল ঘটনাস্থলে পৌঁছে আহত নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। মেট্রোপলিটন পুলিশ বলেছে, চালককে শনাক্ত করতে তদন্ত চলছে এবং সম্ভাব্য সব ধরনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

আহত নারীর অবস্থা গুরুতর নয় এবং জীবনহানির ঝুঁকিও নেই বলে জানানো হয়েছে। চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *