যুক্তরাজ্যের বার্মিংহামের এক সাবেক চিকিৎসক বহু রোগীর সঙ্গে যৌন অপরাধের অভিযোগে আদালতে হাজির হয়েছেন।

৩৮ বছর বয়সী নাথানিয়েল স্পেন্সারের বিরুদ্ধে মোট ৪৫টি যৌন অপরাধের অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে ৩২টি যৌন নিপীড়ন, ১৩ বছরের নিচে শিশুর ওপর ১২টি যৌন নিপীড়ন এবং একটি যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ রয়েছে।

স্টাফোর্ডশায়ার পুলিশ জানিয়েছে, দীর্ঘ ও জটিল তদন্তের পর গত ডিসেম্বর তাকে অভিযুক্ত করা হয়। অভিযোগ অনুযায়ী, ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে ডাডলির রাসেলস হল হাসপাতাল এবং স্টোক-অন-ট্রেন্টের রয়্যাল স্টোক ইউনিভার্সিটি হাসপাতালে রোগীদের ওপর এসব অপরাধ সংঘটিত হয়েছে।

বার্মিংহামের হকলি এলাকার বাসিন্দা স্পেন্সার সোমবার (১৬ মার্চ) স্টোক-অন-ট্রেন্ট ক্রাউন কোর্টে হাজির হন। প্রায় ৪৫ মিনিটের শুনানিতে তিনি কেবল নিজের নাম নিশ্চিত করেন এবং এ সময় তাকে কোনো অভিযোগের জবাব দিতে বলা হয়নি।

আদালত জানিয়েছে, মামলার পূর্ণাঙ্গ বিচার পরে নির্ধারিত তারিখ ও স্থানে অনুষ্ঠিত হবে। বিচারক স্যালি হ্যানকক্স তার শর্তসাপেক্ষ জামিন বহাল রাখেন এবং জানান, মামলার পরবর্তী শুনানি ১১ মে-এর আগে হবে না।

পরবর্তী শুনানিতে বিচার কোথায়, কখন এবং কীভাবে চলবে সে বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *